২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘ধর্ম অবমাননা’: মামলার পর সেই যুবক কারাগারে

ধর্ম অবমাননার অভিযোগে আইসিটি আইনে মামলা হওয়ার পর ফরিদপুরে একদিন আগে আটক সেই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। 

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 07:19 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

সদরপুর থানার ওসি হারুন অর রশিদ জানান, শুক্রবার আদালতে হাজির করার পর বিষ্ণু কুমার মালো (২৮) নামের ওই যুবককে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে।  

এই ঘটনায় তার বিরুদ্ধে সদরপুরের কেষ্টপুর ইনিয়নের ইসারত মুন্সি নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান ওসি।

“পরে অভিযোগটি তথ্য ও ওযাগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা হিসেবে গ্রহণ করা হয়।”

ফেইসবুকে পোস্ট করা ছবিতে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুর বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে স্থানীয়রা।

ঘটনার পর পুলিশ তাকে আটক করে। সেই সঙ্গে এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। 

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, ফেইসবুকে পোস্ট করা ছবিতে ‘ধর্ম অবমাননার’ ঘটনা তদন্তে তার নির্দেশে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে ওই যুবকের জড়িত থাকার সত্যতা পেয়েছে। 

এ ঘটনার পর জারি করা ১৪৪ ধারা শুক্রবার সন্ধ্যার পর থেকে প্রত্যাহার করা হয়েছে বলেও ইউএনও জানান।  

ফরিদপুর ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম বলেন, বিষ্ণু মালো ওই ফেসবুক আইডিটি তার নয় বলে দাবি করছেন।

“আইডিটি ওই যুবকের না অন্য কেউ ব্যবহার করে তা শনাক্ত করার প্রাপ্ত তথ্য উপাত্ত ঢাকার সিআইডি কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুরনো খবর:

ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু বাড়িতে হামলা