ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু বাড়িতে হামলা
ফেইসবুকে পোস্ট করা ছবিতে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে ফরিদপুরের সদরপুর উপজেলায় এক হিন্দু যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
সদরপুর থানার ওসি হারুন র রশিদ জানান, কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়ার ওই বাড়িতে বৃহস্পতিবার দুপুরে হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর ওই যুবককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, “যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে তার আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়েছে কিনা।”
এ ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হামলার পর এলাকায় ১৪৪ ধারা জারি করার কথা জানিয়ে তিনি বলেন, “এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।”
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, “ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবকের বাড়ি ও বাজারে তার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে।”
পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হারুন অর রশিদ।
