কেমিস্ট নেই, ওষুধ বানাচ্ছে শিশুরা
ঢাকার সাভার পৌর এলাকায় কারখানার নামে একটি বাড়িতে কেমিস্ট ছাড়াই শিশুদের দিয়ে তৈরি করা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ।
ভাটপাড়া মহল্লার বি-৭/৮ হাউজিং সোসাইটিতে সোমবার গিয়ে দেখা গেছে, এফএস ফার্মাসিউটিক্যালস নামে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নিয়ে টিনশেড ঘরে ওষুধ তৈরি হচ্ছে। কারখানার কোনো সাইনবোর্ড সেখানে নেই। ওষুধ তৈরিতে কাজ করছে ১৪-১৫ বছরের কয়েকটি শিশু।
কারখানার ব্যবস্থাপক মেহেদী হাসান সুমন বলেন, “আমাদের কারখানায় ফেমগার্ড, ভিটো কেওর, গ্যাস্টো সেভ, এফএস-এলকুলি, হাইপোজাইম-এইচ, বাসোভাসসহ ২৭ ধরনের ওষুধ তৈরি করি।”
ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তাদের সাতটি ওষুধ তৈরির অনুমোদন রয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের ইস্যু করা লাইসেন্সে কারখানার মান নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে মো. আহসান উল্লাহ ও কবিরাজ মো. শফিকুল ইসলামের নাম থাকলেও কারখানার কর্মীরা গত সাত-আট মাসে তাদের দেখেননি বলে জানান।
মো. আহসান উল্লাহর খোঁজ করতে গিয়ে জানা যায়, তিনি সাভার প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠকর্মী শহিদুল্লাহ কায়সারের ছেলে।
কৌশলে কারখানার মাননিয়ন্ত্রণ কক্ষে গিয়ে মাকড়সার বাসা দেখা গেছে। পরিদর্শক আসার আগে একজন মাননিয়ন্ত্রণ কর্মকর্তাকে এনে এখানে বসিয়ে রাখা হয় বলে কারখানাটির এক নারীকর্মী জানিয়েছেন।
কারখানার মালিক শরীফুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে ব্যবস্থাপক মেহেদী বাড়ির মালিক মো. শাহজাহানকে ডেকে আনেন। শাহজাহান সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাভার থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, আয়ুর্বেদিক কারখানায় উৎপাদনে যেতে হলে ট্রেড লাইসেন্স, বিএসটিআই, ড্রাগ ও নারকোটিকের অনুমোদন লাগবে। কারখানায় সার্বক্ষণিক কেমিস্টও থাকতে হবে।
বিষয়টি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের নজরে আনলে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
