২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ৫০ রোহিঙ্গা শরণার্থী আটক

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সহায়তার অভিযোগে অর্ধশতাধিক রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 08:25 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার থাইংখালী ও পালংখালী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান।

আটকরা উখিয়ার কুতুপালং এলাকার নিবন্ধিত ও অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানান তিনি।

বিজিবি কর্মকর্তা মঞ্জুরুল বলেন, বুধবার বিকালে টহল দেওয়ার সময় সীমান্তের থাইংখালী এবং আঞ্জুমান পাড়ায় বিচ্ছিন্নভাবে বেশ কিছু লোককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিজিবি সদস্যদের।

“সীমান্ত এলাকা থেকে তাদের ৫০ জনকে আটকের পর দেখা যায় তারা উখিয়ার কুতুপালং এলাকার শরণার্থী শিবিরের বাসিন্দা।”

পরে তাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, বিজিবির হাতে আটক এসব রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান নেওয়া আত্মীয়-স্বজনদের ক্যাম্পে নিয়ে আসার জন্য গিয়েছিল।

অনুপ্রবেশের সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি খায়ের।

এদিকে সীমান্তজুড়ে শূন্যরেখা ধরে মিয়ানমার অভ্যন্তরে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানেনে রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মঞ্জুরুল হাসান।

গত ২৪ অগাস্ট রাতে মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ওই রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই রাতের পর থেকে এ পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। 

বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সহিংসতা থেকে পালিয়ে আসা এসম রোহিঙ্গারা অবস্থান নিয়েছে সীমান্তের শূন্যরেখায়। অনেককে অনুপ্রবেশের পর আবার ফেরতও পাঠানো হচ্ছে।