বিমানবাহিনীর সদস্য ৬ দিন ধরে নিখোঁজ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা বাংলাদেশ বিমান বাহিনীর এক সৈনিক ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ নাহিদ আল নোমান (২০) কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার আবু তাহেরের ছেলে। তিনি চট্টগ্রামের পতেঙ্গা ইউনিটে কর্মরত আছেন।
এ ঘটনায় তার পরিবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
জিডিতে বলা হয়, গত ২২ জুন ঈদের ছুটিতে বাড়িতে আসেন নাহিদ। ছুটি শেষে গত ১ জুলাই সকাল ৮টার দিকে বাড়ি থেকে পতেঙ্গা যাওয়ার উদ্দেশে বের হন।
কিন্তু পরবর্তীতে তিনি তার কর্মস্থলেও যাননি, বাড়িতেও ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জিডিতে বলা হয়।
আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি বলেও জিডিতে উল্লেখ করা হয়।
কালিয়াকৈর থানার এসআই আবদুল হাকিম জানান, ওই ঘটনায় নাহিদের বাবা আবু তাহের গত মঙ্গলবার (৪ জুলাই) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তার মোবাইল ফোন ট্র্যাকিং করে তার সর্বশেষ লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানান এসআই হাকিম।
