২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের ধারনা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 02:10 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

তাড়াশ থানার ওসি মঞ্জুর রহমান জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাবার বাড়ি থেকে রোববার সকালে খুশি খাতুন নামে ২০ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করেন তারা। 

প্রতিবেশী ছোরমানের ছেলে রাজিব হোসেনের স্ত্রী তিনি।

নিহতের মা আঞ্জুয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের আগে থেকেই পাশের বাড়ির রাজিব প্রায়ই তার মেয়ে খুশিকে উত্যক্ত করতো।

“এক পর্যায়ে শালিস বৈঠক করে গ্রামবাসীর সিন্ধান্তে দেড় বছর আগে রাজিবের সঙ্গে খুশির বিয়ে দেওয়া হয়।”

বিয়ের পর থেকেই রাজিব ও তার বাড়ির লোকজন খুশিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

আঞ্জুয়ারা বলেন, শনিবার সন্ধ্যায় তারা সবাই খুশিকে রেখে বাইরে বেড়াতে যান। এ সময় রাজিব আবার খুশিকে মারধর শুরু করলে করলে সে আমাদের ঘরে চলে আসে বলে প্রতিবেশীদের কাছে তিনি শুনছেন।  

“রাতে খুশি আমাদের ঘরে গিয়ে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ওসি মঞ্জুর বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খুশির ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না।   

লাশ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে জানান তিনি।