২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় ছাত্র দিপুকে হত্যা করা হয়েছে, দাবি পরিবারের

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন হাসনাত দিপুর মৃত্যু বজ্রপাতে হয়নি; তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি পরিবারের।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 09:05 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

দিপু ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের ত্রিবিভাগদী গ্রামের বিজিবি সদস্য খলিলুর মাতুব্বুরের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে বজ্রপাতে দিপুর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মানসুরা খানম।

তবে দিপুর মামা হায়াত আলী লেন, “দাফনের সময় দিপুর শরীর রক্তাক্ত ছিল। মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল।

“তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলেই আমাদের ধারণা। আমরা আইনের আশ্রয় নিতে চেয়েছিলাম। কিন্তু দিপুর মা রাজি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার লাশ দাফন করা হয়েছে।”

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন দিপুর তিনি।

চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, দিপুর শরীরে বজ্রপাতে পুড়ে যাওয়ার কোনো আলামত ছিল না। তার পকেটের মোবাইল ফোনটিও অক্ষত ছিল।

“মাথা ও ঘরে আঘাতের চিহ্ন দেখে মনে হয় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।” 

তবে মানসুরা খানম বলেন, “বজ্রপাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের  কোনো লক্ষ্মণ পাওয়া যায়নি।

“বজ্রপাতের সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। লাশ পরিবহন করার সময় সেখান থেকে হয়তো ব্লিডিং হয়েছে।”

দিপুর সহপাঠীরা জানান, তার মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় সন্দেহ হলে তারা লাশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেন। কিন্তু চিকিৎসকরা বজ্রপাতে মারা গেছে বলে জানালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার ধর বলেন, “আমাদের এখানে মৃত অবস্থায় ওই ছাত্রকে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে তার শরীরে বজ্রপাতের মৃত্যুর লক্ষ্মণ পাওয়া গেছে।

“হয়তো আশপাশে বজ্রপাতে সে বিদ্যুতায়িত হয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। বজ্রপাত তার শরীর পড়েনি। এ কারণে কোথাও পুড়ে যায়নি।”

তিনি আরও বলেন, বজ্রপাতের সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। হাসাপাতালে নিয়ে আসার পর মাথায় রক্তক্ষরণ হচ্ছিল না। লাশ নিয়ে রওনা দেওয়ার আগে কান দিয়ে রক্তপাত দেখা যায়।

“তবে পরিবারের পক্ষ থেকে যদি হত্যার বলে মনে হয়। তারা এ ব্যাপারে মামলা করতে পারেন।”