ট্রেনের নীচে বাবা-মেয়ের আত্মহত্যা: আরেকজন গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নীচে পড়ে বাবা-মেয়ের আত্মহত্যার প্ররোচণার মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঝড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
গ্রেপ্তার বোরহান উদ্দিনের (৩৫) বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায়।
বসত ঘর দখলের চেষ্টা এবং মেয়েকে নির্যাতনের ঘটনার পর কর্নপুর ভিটিপাড়া গ্রামের হযরত আলী ও তার আট বছরের মেয়ে আয়শা গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুরে ট্রেনের নীচে পড়ে আত্মহত্যা করেন।
ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ভোর রাতে দুর্গাপুরের ঝাঝড় গ্রাম অভিযান চালানো হয়। দুপুরে তাকে শ্রীপুর থানায় আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানার এসআই আলী আকবর জানান, বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত ৩ নম্বর আসামি বোরহান।
ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, কর্নপুর ভিটিপাড়া গ্রামের মো. হযরত আলী তার বসত ঘরের জায়গা দখলের চেষ্টা এবং মেয়েকে নির্যাতনের বিচার চেয়েছিলেন গোসিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আবুল হোসেনের কাছে।
“কিন্তু বিচার না পেয়ে হযরত আলী তার আট বছরের মেয়ে আয়শাকে নিয়ে গত ২৯ এপ্রিল শ্রীপুরে ট্রেনের নীচে পড়ে আত্মহত্যা করেন।”
পরদিন নিহতের স্ত্রী হালিমা বেগম ওই মেম্বারসহ সাত জনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবদের জন্য আবুল হোসেনকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করলে আদালত দুইদিন মঞ্জুর করে।
জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
