শেরপুরে বন্যহাতির পায়ে কৃষকের মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে গারো সম্প্রদায়ের এক কৃষক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।
শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, বালিজুড়ি খ্রিস্ট্রানপাড়ায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত রিবন মারাক (৪০) ওই এলাকার লিপন সাংমার ছেলে ।
আহতরা হলেন রিবনের স্ত্রী শৈল সাংমা ও ছেলে বিজয় সাংমা। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আলম বলেন, রাতে বন্য হাতির পাল পাহাড় থেকে নেমে রিবনের ক্ষেতের ধান খেয়ে ও মারিয়ে নষ্ট করে।
“এ সময় রিবন তার সহযোগীদের নিয়ে প্রতিরোধ করতে গেলে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে আহত হন তিনি। গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
