২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী পৌর মেয়র বরখাস্ত

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

এশিয়া এনার্জির করা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দিনাজপুরের জেলা প্রশাসক।

তিনি বলেন, গত ৩ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে মুরতুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করার খবর তিনি শুনেছেন।

“ফুলবাড়ী রক্ষার আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় এশিয়া এনার্জির করা মামলার কারণে সাময়িক বরখাস্ত করা হলেও ফুলবাড়ী রক্ষার আন্দোলন ও মেয়র পদে ফিরে আসার জন্য আইনী লড়াই চালিয়ে যাব।”

২০১৪ সালের ২৯ নভেম্বর এশিয়া এনার্জির বাংলাদেশ প্রধান গ্যারি এন লাই তার লোকজন নিয়ে ফুলবাড়ী যান। ওইদিন এশিয়া এনার্জির অফিসে এবং কয়েকটি গাড়ি ভাংচুর হয়।

ওই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিকসহ ৬০ জনের নামে ফুলবাড়ী থানায় মামলা করেন। সম্প্রতি ওই মামলার অভিযোগপত্র গৃহীত হয়েছে আদালতে।