লিটন হত্যায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন কাদের খানের
গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় ‘দোষ স্বীকার করে’ দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন জাতীয় পার্টির নেতা আব্দুল কাদের খান।
বুধবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে কাদের খানের আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান এ আবেদন করেন।
আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুফ আবেদনটি শুনানি শেষে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন বলে জানান তিনি।
এ আইনজীবী বলেন, “লিটন হত্যা মামলায় কাদের খাঁনকে গ্রেপ্তারের পর পুলিশ নির্যাতন করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করে। তাই তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবাবনবন্দি দেন।
“যেহেতু তিনি স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দেননি; তাই প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। কিন্তু বিচারক শুনানি শেষে আবেদন নথিভূক্ত করায় এখন জবানবন্দি প্রত্যাহারের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।”
মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পরিদর্শক আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, কাদের খানের স্বীকারোক্তি মোতাবেক এই হত্যাকাণ্ডের অনেক তথ্য উপাত্ত পুলিশ উদ্ধার করেছে।
“পুলিশ তাকে কোনো নির্যাতন করে নাই। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তার ও বিভিন্ন তথ্য উপাত্ত পুলিশ উদ্ধার করে যখন তার সামনে নিয়ে এসেছে তখন নিজের ইচ্ছায়েআদালতে তিনি স্বীকারোক্তি দিয়েছেন।”
তাছাড়া পুলিশ শিগগিরই এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেবে বলে জানান তিনি।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে সাহবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
এ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা আব্দুল কাদের খানকে বগুড়া থেকে গত ২১ ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করে। ২৫ ফেব্রুয়ারি তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর আগে মেহেদি, শাহীন, রানা ও তার ব্যক্তিগত গাড়ি চালককে পুলিশ গ্রেপ্তার করে। তারাও ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এছাড়া পুলিশ এ হত্যায় কাদেরের কথিত সহযোগী সুবল চন্দ্র ও সাবেক ব্যক্তিগত সহকারী শামছুজ্জোহা সরকার জোহাকেও গ্রেপ্তার করেছে।
