উত্ত্যক্তের নালিশে হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জ সদর উপজেলায় উত্ত্যক্তের নালিশের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
বুধবার উপজেলার পাইকপাড়া ও নিজামপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান।
আহতদের মধ্যে বাবুল মিয়া (৩০) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পাইকপাড়া গ্রামের এক স্কুলছাত্রী ও তার বান্ধবীদের স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে নিজামপুর গ্রামের ছুরত আলীর ছেলে শাহজাহান মিয়া (২৫)।
“বিষয়টি শাহজাহানের পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
