২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ব্রিজ ধসে আটকা পড়েছে ৩ ট্রাক

চিত্রা নদীর ওপর তিনটি ট্রাক নিয়ে ব্রিজ দেবে যশোর-মাগুরা সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে; এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 01:41 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

দুর্ঘটনার পর যশোর-খুলনার যানবাহন ঝিনাইদহ হয়ে মাগুরায় ঢুকছে।

মাগুরার শালিখা থানার ওসি রেজাউল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে মাগুরা-যশোর সীমান্তের সীমাখালীর ব্রিজটি ধসে যায়।

“দশ চাকার একটি ট্রাকসহ দুটি ট্রাক ও একটি পিকআপ একসঙ্গে সেতুর ওপর ওঠার পর এটি দেবে যায়।”

এ সময় সেতুর ওপর থাকা এক সাইকেল আরোহীসহ দুইজন আহত হলে তাদের চিকিৎসার জন্য যশোর পাঠানো হয় বলে জানান ওসি রেজাউল।

দুর্ঘটনায় কোনো নিখোঁজ বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলামও কোনো নিখোঁজ বা মৃত্যুর খবর পাননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থল যশোর-মাগুরার সীমান্তবর্তী হওয়ায় দুই জেলারই পুলিশ ও ফায়ার ব্রিগেড এসেছে। উদ্ধারকাজ শুরু জন্য ক্রেনসহ ভারী যন্ত্রপাতি আনার প্রক্রিয়া ছলছে।

দুর্ঘটনার প্রত্যক্ষর্শী সেলিম হোসেনের চায়ের দোকান সেতুর পাশেই।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনে সেতুর দিকে তাকিয়ে দেখতে পাই প্রচুর ধোঁয়া উড়ছে। আর পাথরবোঝাই দুটিসহ তিনটি ট্রাক নিয়ে সেতুটি ধসে পড়ছে।”

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে যানবাহনগুলোকে বিকল্প পথ হিসেবে যশোর-ঝিনাইদহ-মাগুরা জাতীয় মহাসড়ক ও যশোর-নড়াইল-মাগুরা মহাসড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।