কিশোরীকে বিয়ে করতে এসে শ্রীঘরে গেলেন ৫০ বছরের অছিয়ার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ে করতে আসায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান।
দণ্ডিত অছিয়ার রহমান (৫০) অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার বাড়ি উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামে।
ওসি জানান, অছিয়ার রহমান পার্শ্ববর্তী পণ্ডিতপাড়া গ্রামের ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে বিয়ে করতে যান।বরযাত্রী অনুষ্ঠানে আসায় বিয়ের আয়োজনও চলে।
“এ সময় বিয়ের আসরে পুলিশ অভিযান চালিয়ে অছিয়ার রহমানকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন ভুঁইয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।”
সাজাপ্রাপ্ত অছিয়ারকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
