২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ২ ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় একটি বিদ্যালয়ে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি ও একজনকে কুপিয়ে জখমের জেরে দুই ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 10:20 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

মঙ্গলবার উপজেলার মানিকদাহ ও হামিরদী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ প্রথমে লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এ এস একাডেমির সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা ছিল। বেলা ১১টার দিকে অনুষ্ঠান চলাকালে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সাজ্জাদ শরীফের সঙ্গে একই শ্রেণির হামিরদী ইউনিয়নের রাজকান্দা মহেশ্বরদী গ্রামের ইমরান তালুকদারের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

ওইদিন দুপুরে সাজ্জাদ পাশের পুখুরিয়া বাসস্ট্যান্ডে আসলে ইমরানের নেতৃত্বে ৪/৫ জন তরুণ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সাজ্জাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার জেরে মঙ্গলবার সকালে পুখুরিয়া বাসস্ট্যান্ডের দুই পাশে দুই পক্ষের লোকজন অবস্থান নিয়ে দেশি অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে তারা ঢাল, সড়কি বল্লম, কোচসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে। পাশাপাশি ইটপাটকেলও ছোড়ে।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, প্রথমে ভাঙ্গা থানা পুলিশ ও পরে ফরিদপুর পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব এসে লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সংঘর্ষে ভাঙ্গা থানার এসআই মজিবর রহমানসহ দুই ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শেখ (১৮), মাহাবুব মিয়া (১৭), রুস্তম শেখ (৪৫), আবুল হাসান (১৪), মনি মোল্লা (৩০), সোহাগ খালাশীসহ (২৫) অন্তত ২০ জন আহত হয় বলে ওসি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫৪টি শটগানের গুলি ও ছয়টি কাঁদানে গ্যাস ছুড়েছে বলে ওসি জানান।