টঙ্গীতে ৩ ‘ইয়াবা বিক্রেতা’ আটক
টঙ্গীতে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে এক কিশোরসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
টঙ্গী বাজার জামে মসজিদে বুধবার এ অভিযান চালানো হয় বলে গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান।
আটককৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম (৫৫), টেকনাফ উপজেলার এক কিশোর (১১) ও টঙ্গীর আরিচপুর এলাকার মো. সোহেল (৩৪)।
তাদের কাছ থেকে সাড়ে আটশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, মসজিদে অবস্থান নিয়ে মাদক বিক্রেতারা কয়েকজনের কাছে ইয়াবা বিক্রি করছে এমন গোপন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি চালানো হলে নুরুল ইসলামের কাছে ৬০০টি, কিশোরের কাছে ২০০টি এবং সোহেলের কাছে ৫০টি ইয়াবা পাওয়া যায়।”
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ওসি বলেন, নুরুল জয়দেবপুর থানার হালডোবা এতিমখানা মাদ্রাসার শিক্ষকতা করতেন; দেড়বছর আগে মাদকসহ ধরা পড়লে চাকরিচ্যুত হন।
“জয়দেবপুর ও টঙ্গী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
