আদালতের আদেশের পর রাবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
হাই কোর্টের আদেশের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চের এক আদেশের পর বুধবার এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জিন্নাত আরা বেগম জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয়। কিন্তু ২০১৪ থেকে গত ৩ নভেম্বর পর্যন্ত প্ল্যানিং কমিটির তিনটি সভা আহ্বান করা হলেও সদস্যরা উপস্থিত না থাকায় সভা হয়নি।
তিনি বলেন, “প্ল্যানিং কমিটির তিনটি সভা না হওয়ায় কমিটি অকার্যকর হয়ে গেছে। প্ল্যানিং কমিটির ছয় সদস্যের মধ্যে চার রিট আবেদনকারীও ছিলেন। প্রথম দুটি সভা তারা প্রত্যাহার করতে বাধ্য করে এবং পরবর্তী সভার চিঠি তারা গ্রহণ না করায় প্ল্যানিং কমিটি অকার্যকর হয়ে যায়।”
নিয়োগের জন্য অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ে বিভাগের অন্যান্য শিক্ষকদের মধ্যে এই চার সদস্যও নিয়োগের সুপারিশ করেন বলে দাবি করেন তিনি জানান।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এ নিয়োগ পরীক্ষার সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে জানান তিনি।
জিন্নাত আরা বলেন, পরে এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে প্ল্যানিং কমিটির চার শিক্ষক আদালতে রিট আবেদন করেন।
রিট আবেদনকারীদের একজন শেখ ম. নূরউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক নিয়োগে মতামত দেওয়ার এক্তিয়ার একাডেমিক কমিটির নেই।
“বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করে আমাদের অধিকার খর্ব করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন।”
বিভাগে অতিরিক্ত শিক্ষক নিয়োগেরও দরকার নেই জানিয়ে তিনি বলেন, “যদি সেটা প্রয়োজন হয় তাহলে আমরা সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে তারা শিক্ষক নিয়োগ দিবে। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো ঘটনাটা ঘটছে। প্রশাসন নিজে থেকেই শিক্ষক নিয়োগ দিচ্ছে।”
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের স্থগিতাদেশ পাওয়ায় আজকে (বুধবার) প্রার্থীদের সাক্ষাৎকারের যে পরীক্ষা ছিল তা স্থগিত করেছি। যেহেতু প্ল্যানিং কমিটির সদস্যরা আদালতে গিয়েছেন কাজেই আইনের মাধ্যমেই বিষয়টির ফয়সালা হবে।”
