২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ক্লিনিক ও ডায়াগনস্টিকে ধর্মঘট স্থগিত

গ্রেপ্তার দুই ক্লিনিক ম্যানেজারের মুক্তিসহ তিন দফা দাবি মানার আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠকের পর বুধবার বেলা ৩টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সহসভাপতি ফয়সাল কবীর চৌধুরী।

তিনি বলেন, দুপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতারা বৈঠক করেন। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে তাদের বৈঠক হয়।

“বৈঠকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নীতিমালা অনুসরণ করার শর্তে দাবি মানার আশ্বাস পাওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।”

মঙ্গলবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত আমানা হাসাপাতালকে সাড়ে তিন লাখ, রয়্যাল হাসপাতালকে পৌনে চার লাখ ও ডেলটা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানাসহ দুই ব্যস্থাপককে গ্রেপ্তার করলে তাদের সংগঠন এই ধর্মঘটের ডাক দেয়।

তাদের অন্য দুটি দাবি হচ্ছে - জরিমানার সর্বোচ্চ সীমা পাঁচ হাজার টাকার নিচে রাখা এবং বর্ধিত হোল্ডিং ফি ও সাইনবোর্ড ফি প্রত্যাহার।

পুরনো খবর:

রাজশাহীতে ক্লিনিকে ধর্মঘটে ভোগান্তিতে রোগীরা