২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ২ পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

চাঁদা দাবি ও থানায় আটকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 09:12 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

মঙ্গলবার কিশোরগঞ্জ বিচারিক হাকিম মোহাম্মদ আতাউল হক এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন ভৈরব থানার ওসি মো.বদরুল আলম তালুকদার ও এসআই নইমুল ইসলাম মোস্তাক।

এর আগে সকালে উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের ব্যবসায়ী আশরাফুল আলম বিজন বাদী হয়ে এই আদালতে মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী রহম আলী জানান, একজন বিচারিক হাকিমের মাধ্যমে মামলাটি তদন্তের জন্য আগামী ১৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৬ সালের ১০ অগাস্ট ভৈরব থানার ওসি বদরুল মামলার বাদী আশরাফুল আলম বিজনকে থানায় আটক করে একটি হত্যা মামলায় স্বীকারোক্তি দিতে চাপ দেন।

কিন্তু আশরাফুল প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে থানার ভেতরে মারধর করা হয় বলে মামলায় বলা হয়।

আইনজীবী রহম আলী জানান, এক পর্যায়ে ওসি বদরুল ও এসআই নইমুল তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন, অন্যথায় ক্রস ফায়ারের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়।

“পরে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে আশরাফুলকে ওই হত্যা মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়।”

ওই মামলায় চার মাস দশ দিন কারাভোগ শেষে আশরাফুল জামিনে মুক্ত হন বলে জানান ‍তিনি।

আশরাফুল বলেন, “ওসি ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারির একটি হত্যা মামলায় আমাকে আসামি করেন।  কিন্তু ওই বছরের ৫ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপর একটি মিথ্যা মামলায় আমি কারাগারে আটক ছিলাম।”