২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ২ বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে বিজিপি

মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে দুই দেশের সীমান্তরক্ষীদের সতর্ক অবস্থার মধ্যে কক্সবাজারে নাফ নদী থেকে নৌকাসহ বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 11:05 PM

Updated : 19 Aug 2022, 03:20 PM

টেকনাফ সদরের নাফ নদীর হেচ্ছারখাল পয়েন্টের বিপরীতে মাছ ধরার সময় শনিবার রাতে তাদের ধরে নিয়ে যায় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানিয়েছেন।

এরা হলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার মোহাম্মদ লালুর ছেলে মোহাম্মদ আনোয়ার (২৮) ও মোহাম্মদ শফির ছেলে আক্তার হোসেন (২৯)।

তার চৌধুরীপাড়ার বাসিন্দা হাসান আলীর মালিকাধীন একটি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বলে স্থানীয়রা বিজিবিকে জানায়।

এক মাসের মধ্যে এটি এ ধরনের ঘটনা আরও কয়েকবার ঘটেছে।

গত ৭ ডিসেম্বর দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গিয়েছিল বিজিপি। এরপর ১২ ডিসেম্বর নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে নির্যাতন করে সাড়ে তিন ঘণ্টা ছেড়ে দিয়েছির মিয়ানমানের এই সীমান্ত রক্ষীবাহিনী।

মেজর রাসেল বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিজিপি দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নৌকার মালিক শনিবার রাতে বিজিবিকে অবহিত করেছিলেন। তাকে বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছি।

তবে রোববার রাত ৮টা পর্যন্ত তিনি বিষয়টি লিখিতভাবে জানাননি বলে জানান মেজর রাসেল।

তবে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের কাছ থেকেও শুনেছেন বলে জানান রাসেল।

নৌকাটির মালিক হাসান আলী বলেন, শনিবার বিকালে তিনজন জেলে নাফ নদীর হেচ্ছারখাল পয়েন্টের বিপরীতে মিয়ানমারের জলসীমার ভিতরে মাছ ধরতে যান। রাত ৮টার দিকে বিজিপির একটি টহল দল স্পিডবোটে যোগে এসে তাদের ধাওয়া দেয়।

“এক পর্যায়ে নৌকায় থাকা জেলে মোহাম্মদ উল্লাহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। অপর দুই জনকে মিয়ানমারের বিজিপির টহল দল অস্ত্রের মুখে নৌকাসহ ধরে নিয়ে যায়। পরে বিষয়টি বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরকে অবহিত করেছি।”

লিখিতভাবে জানানোর পরই ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা রাসেল।

পুরনো খবর:

টেকনাফের ২ জেলেকে ফেরত আনতে বিজিপির কাছে চিঠি
টেকনাফ থেকে দুই জেলেকে নিয়ে গেছে বিজিপি
দুই জেলেকে ধরে নিয়ে নির্যাতনের পর ছেড়ে দিয়েছে বিজিপি
ধরে নেওয়া ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিজিপি