২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধরে নেওয়া ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিজিপি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চার বাংলাদেশিকে ধরে নেওয়ার কয়েকঘণ্টা পর ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 11:07 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

সোমবার বিকালে ফেরত আনা এই চার জেলের নাম ও পরিচয় জানা যায়নি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, দুপুরে নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টের বিপরীতে মিয়ানমারের জলসীমায় মাছ ধরছিল বাংলাদেশি জেলেদের কয়েকটি নৌকা।

মিয়ানমারের বিজিপির একটি টহল দল সেখানে পৌঁছলে বাংলাদেশি জেলেরা পালিয়ে আসার চেষ্টা করে বলে ফিরে আসা জেলেরা জানান, বলেন জাহিদ।

“এক পর্যায়ে বিজিপি ধাওয়া দিয়ে নৌকাসহ এই চার জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনাটি পালিয়ে আসা ও স্থানীয় জেলেরা বিজিবিকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়।

“বিকালে বিজিবি ও বিজিপির মধ্যে আলাপ-আলোচনার পর চার জেলেকে ফেরত আনা হয়েছে।”

জাহিদ আরও বলেন, ফেরত আনার পর ওই জেলেদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।