সাংসদ হত্যা: বিক্ষোভ ও প্রতিবাদে সুন্দরগঞ্জে হরতাল পালিত
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে রেলপথ ও সড়ক অবরোধ করা হয়।
হরতাল শেষে রোববার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা সদর ও বামনডাঙ্গায় পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ১৮ জনকে আটক এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
সুন্দরগঞ্জে এখনও শোকাচ্ছন্ন ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামে নিজের বাড়িতে হামলার শিকার হন আওয়ামী লীগ নেতা লিটন।
মাগরিবের নামাজের পরপর মোটরসাইকেলে করে এসে অজ্ঞাত পরিচয় তিন যুবক বাড়িতে ঢুকে গুলি করে চলে যায় বলে জানিয়েছেন সাংসদের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।
আশঙ্কাজনক অবস্থায় লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তার বুকের বাঁ দিকে দুটো এবং বাঁ হাতে একটি গুলি লেগেছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এছাড়া আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। এছাড়া খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল চলেছে।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল (২০ ডাইন) ট্রেনটি সকাল সাড়ে ৭টায় বামনডাঙ্গা রেল স্টেশনে বিক্ষুদ্ধ জনতা আটকে দেন। সেই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা স্টেশনে সকাল সাড়ে ৯টায় আটকে পড়ে। এতে ট্রেনে থাকা শতশত যাত্রী দুর্ভোগে পড়েন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও জানা যায়, গাইবান্ধা-বামনডাঙ্গা রেলপথে শাহাবাজ ও সর্বানন্দ এলাকার বিভিন্ন স্থানে গাছ ও ইট ফেলে অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। ফলে রংপুর-সান্তাহার ও লালমনিরহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়ক, গাইবান্ধা-সুন্দরগঞ্জসহ বিভিন্ন সড়কপথও জনতা গাছ ফেলে টায়ারে আগুন লাগিয়ে অবরোধ করে।
এদিকে, অবরোধের খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ বিজিবিসহ বেলা ৩টার দিকে রেলপথ থেকে গাছ সরিয়ে এবং আগুন নিভিয়ে দেন।
এরপর বিকাল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাসেম।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনা তদন্তে পুলিশ ও গোয়েন্দারা কাজ করছেন। বামনডাঙ্গা ও সুন্দরগঞ্জ থেকে এ পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের গাইবান্ধায় আনা হচ্ছে।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এমপি লিটনের বাড়িসহ বামনডাঙ্গা ও সুন্দরগঞ্জ উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ টহল জাড়ানো হয়েছে।
ওসি জানান, শনিবার রাতে পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিইআইজি) রশির আহম্মেদ লিটনকে গুলি করার স্থান পরিদর্শন করেছেন। সেখানে পড়ে থাকা গুলির খোসা, পানের বাটা ও মোবাইল ফোনসহ আলামত দেখেন। এছাড়া তিনি গুলির ঘটনার সময় এমপি লিটনের বাড়ির উঠানে ক্রিকেট খেলতে থাকা একটি ১২ বছরের শিশুসহ বাড়িতে থাকা লোকজন ও স্থানীয়দের কাছে ঘটনার বর্ণনা শোনেন।
পারিবারিক কবরস্থানে দাফন সোমবার
নিহত এমপি লিটনের শ্যালক বেদারুল আহসান বেতার জানান, রংপুর পুলিশ লাইনে প্রথম জানাযা অনুষ্ঠিত হওয়ার পর হেলিকাপ্টারযোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার মরদেহ রোববার দুপুরের পর ঢাকায় নিয়ে যান।
সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে ওইদিন বিকালে মরদেহ সুন্দরগঞ্জে আনা হবে এবং বাদ আছর বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে ৩য় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে তিনি জানান।
রোববার সকালে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান।
লিটনের বাড়ি গিয়ে দেখা যায়, আত্মীয়-স্বজন, দলীয় লোকজন এবং আশপাশ ও দূর-দূরান্তের লোকজন ছুটে এসেছেন তার বাড়িতে। আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
জেলা সদর, সুন্দরগঞ্জ উপজেলা সদর, বামনডাঙ্গা, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জসহ জেলা বিভিন্ন স্থানে সন্ধ্যায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সুন্দরগঞ্জ উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সম্পাদক জাহাঙ্গীর কবীর, উপজেলা যুবলীগ নেতা রেজাউল আলম প্রমুখ।
