সাংসদ হত্যার প্রতিবাদে হরতালে অচল সুন্দরগঞ্জ, লাশ যাচ্ছে ঢাকায়
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল।
রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাংসদের লাশ নেওয়া হয় জেলার পুলিশ লাইনসে। সেখানে এক দফা জানাজা শেষে হেলিকপ্টারে করে লিটনের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন।
এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ সন্দেহজনক ১০ জনকে আটক করলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামে নিজের বাড়িতে হামলার শিকার হন আওয়ামী লীগ নেতা লিটন।
আশঙ্কাজনক অবস্থায় লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তার বুকের বাঁ দিকে দুটো এবং বাঁ হাতে একটি গুলি লেগেছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগসহ সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেলপথে সান্তাহারগামী টোয়েন্টি ডাউন মেইল ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে আটকে দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
হরতালে উপজেলার প্রায় সব দোকান-পাট বন্ধ রয়েছে; যানবাহনও চলাচল করছে না। আত্মীয়- স্বজন ও দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা সকাল থেকেই এমপি লিটনের বাড়িতে ভিড় করেছেন, সেখানে চলছে শোকের মাতম।
বছরের শেষ দিন ওই হত্যাকাণ্ডের পর গাইবান্ধা জেলায় বিরাজ করছে থমথমে ভাব। শনিবার রাত থেকেই বিভন্ন এলাকায় চলছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল। সুন্দরগঞ্জের বিভিন্ন সড়কে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম লিটন (ফাইল ছবি)
বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম মোস্তফা বলেন, “মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতালে সাড়া দিয়েছে। উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলবে।”
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, হরতালে কোথাও গোলযোগ ঘটেনি; পুলিশ সতর্ক রয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ঢাকা থেকে সুন্দরগঞ্জে এমপি লিটনের বাড়িতে আসছেন বলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
এদিকে সকালে রংপুর মেডিকেল কলেজের মর্গে সাংসদ লিটনের লাশের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। তারপর মরদেহ বুঝিয়ে দেওয়া হয় সাংসদের বড় বোন আফরোজা বারীর কাছে।
মঞ্জরুল ইসলাম লিটনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
সংসদ সচিবালয় জানিয়েছে, সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা হবে। পরে লাশ নিয়ে যাওয়া হবে গাইবান্ধায়, তার বাড়িতে। সোমবার বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।
৪৮ বছর বয়সী লিটন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (মেরিন) ছিলেন; আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালকও ছিলেন তিনি।
এক শিশুকে গুলি করে এক বছর আগে দেশজুড়ে সমালোচিত হন সাংসদ লিটন। ওই ঘটনায় গত বছর গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে থেকে জামিনে ছাড়া পান তিনি।
লিটনের দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীকে সন্দেহ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
