২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লিটনের খুনি গ্রেপ্তার শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় ক্ষমতাসীন দলের সংসদ সদস‌্য মঞ্জুরুল ইসলাম লিটনকে যারা হত‌্যা করেছে, তাদের শিগগিরই ধরার আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 07:08 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

কারা এই হত‌্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ‌্য এখনও পাওয়া যায়নি। তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীকে সন্দেহ করছেন লিটনের দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

শনিবার সন্ধ‌্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ এলাকায় লিটনের বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত‌্যা করে তিন দুর্বৃত্ত।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান কামাল বলেন, হত‌্যাকাণ্ডের পর সন্দেহভাজন হিসেবে এই পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। আটকাভিযান চলছে।

“আমরা তথ্য উদঘাটনের চেষ্টা শুরু করেছি। খুব দ্রুতই দুষ্কৃতকারীকে শনাক্ত করব।”

লিটন হত‌্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুনিদের কী পরিকল্পনা ছিল, তা বের করতে অনুসন্ধান চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

“এইটা তাদের একটি পরিকল্পনা ছিল কি না বা এর মাধ্যমে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি। সবকিছু লক্ষ রেখেই আমরা কাজ করছি।”

এক শিশুকে গুলি করে দেশজুড়ে সমালোচিত হওয়ার এক বছরের মধ‌্যে নিজেই গুলিতে প্রাণ হারালেন লিটন। শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার মামলায় গত বছর গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে থেকে জামিনে ছাড়া পান তিনি।

লিটন হত‌্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সুন্দরগঞ্জে হরতাল পালিত হয়। হত‌্যাকাণ্ডের পরপরই ওই এলাকায় জামায়াতের এক কর্মীর বাড়ি জ্বালিয়ে দেয় লিটন সমর্থকরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ হত‌্যাকাণ্ডের পর সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে যুদ্ধাপরাধী জামাত-শিবিরকে সন্দেহ করা হচ্ছে। কারণ উনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।”

তবে জামায়াত এই অভিযোগ অস্বীকার করেছে। দলটির নায়েবে আমির মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেছেন, প্রকৃত খুনিদের আড়াল করতেই জামায়াতের উপর দোষ চাপানো হচ্ছে।

লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগরিবের নামাজের পরপর মোটর সাইকেলে অজ্ঞাতপরিচয় তিন যুবক বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায়।

হামলাকারীরা মোট পাঁচজন এসেছিলেন বলে লিটনের কর্মচারী জুয়েল জানান। তিনি বলেন, এর মধ‌্যে তিনজন বাড়ির ভেতরে ঢুকেছিলেন।

Image
মঞ্জুরুল ইসলাম লিটন (ফাইল ছবি)

মঞ্জুরুল ইসলাম লিটন (ফাইল ছবি)

গুলিবিদ্ধ লিটনকে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে আধা ঘণ্টার মধ‌্যে তার মৃত‌্যু ঘটে।

রোববার রংপুরে জানাজা শেষে লিটনের লাশ নিয়ে হেলিকপ্টারে ঢাকায় রওনা হন লিটনের স্ত্রী। সোমবার সংসদ ভবন প্রাঙ্গণে তার জানাজা হবে।

এক দশক পর কোনো সংসদ সদস‌্য এভাবে হত‌্যাকাণ্ডের শিকার হওয়ায় ঘটনাটি নিয়ে সারাদেশে আলোচনা চলছে।

তবে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো নজির নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

তিনি বলেন, “এই ঘটনার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সেটা ঠিক না। আইনশৃঙ্খলা অত্যন্ত স্বাভাবিক আছে।”

পুরনো খবর:

বাড়িতে ঢুকে গুলি চালিয়ে এমপি লিটনকে হত‌্যা
সাংসদ হত‌্যার প্রতিবাদে হরতালে অচল সুন্দরগঞ্জ, লাশ যাচ্ছে ঢাকায়
লিটন হত্যা সাম্প্রদায়িক অপশক্তির কাজ: কাদের
জঙ্গি নির্মূলের চেষ্টায় আঘাত হানতেই লিটনকে হত্যা: নানক