জঙ্গি নির্মূলের চেষ্টায় আঘাত হানতেই লিটনকে হত্যা: নানক
গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যাকে দেশকে জঙ্গিমুক্ত করার চেষ্টার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
রোববার রংপুরে এ সংসদ সদস্যের জানাজার আগে ক্ষমতাসীন দলের এ নেতা সাংবাদিকদের বলেন, “সাংসদ লিটনের মৃত্যু দুঃখজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে যখন জঙ্গিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে তখন এ কাজে বারবার আঘাত আসছে।
“এ আঘাত কঠোর হাতে দমন করা হবে। সাংসদ লিটনের হত্যাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর বেলা ১২টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে এ সংসদ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নানক ছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা বি এম মোজাম্মেল হক, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এরপর লিটনের স্ত্রী খুরশীদ জাহান স্মৃতি ও বড় বোন আফরোজা বারী লাশ গ্রহণ করেন। পরে বেলা আড়াইটার দিকে হেলিকপ্টারে করে লাশ নিয়ে তারা ঢাকায় রওনা হন।
সংসদ সচিবালয় জানিয়েছে, সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা হবে। পরে লাশ নিয়ে যাওয়া হবে গাইবান্ধায়, তার বাড়িতে। সোমবার বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামে নিজের বাড়িতে হামলার শিকার হন আওয়ামী লীগ নেতা লিটন।
মাগরিবের নামাজের পরপর মোটর সাইকেলে করে এসে অজ্ঞাতপরিচয় তিন যুবক বাড়িতে ঢুকে গুলি করে চলে যায় বলে জানিয়েছেন সাংসদের স্ত্রী।
আশঙ্কাজনক অবস্থায় লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তার বুকের বাঁ দিকে দুটো এবং বাঁ হাতে একটি গুলি লেগেছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগসহ সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
তাছাড়া এ পর্যন্ত ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান।
৪৮ বছর বয়সী লিটন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (মেরিন) ছিলেন; আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালকও ছিলেন তিনি।
এক শিশুকে গুলি করে এক বছর আগে দেশজুড়ে সমালোচিত হন সাংসদ লিটন। ওই ঘটনায় গত বছর গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে থেকে জামিনে ছাড়া পান তিনি।
লিটনের দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীকে সন্দেহ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
