শাবিতে ছাত্রলীগের গোলাগুলির ঘটনা তদন্ত করছে কেন্দ্র
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা তদন্তে সংগঠনটি কেন্দ্র থেকে একটি কমিটি পাঠিয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রাজিব আহমেদ রাসেলকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের দলটি শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে দিনব্যাপী তদন্ত করেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ উদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায় এবং স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “আমরা তদন্ত টিম পাঠিয়েছি। তাদের প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপের সঙ্গে সহসভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ সমর্থিত সম্মিলিত গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার সকালে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ক্লাস-পরীক্ষাসহ ছাত্রদের আবাসিক তিনিট হল আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে।
এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার দুপুর ২টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত উপাচার্য আমিনুল হক ভূইয়াকে প্রশাসনিক ভবন-২ এর কার্যালয়ে প্রায় ২১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার সকালে আবার জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা চালু এবং আগামী ২৫ ডিসেম্বর থেকে হল খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
