শাবিতে ছাত্রলীগের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্বদ্যালয়ের ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুনশী নাসের ইবনে আফজাল জানান।
তিনি বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা মিটিং করে বিষয়টি পুরোপুরি জেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী কর্মীর সঙ্গে জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও সহ-সভাপতি অঞ্জন রায় অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।
এ সময় চার রাউন্ড গুলি ও ১৫টি হাতবোমা বিস্ফোরণ হয়েছে বলে দাবি তাদের।
বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, “সন্ধ্যা ৬টার দিকে আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজের নেতৃত্বে তাদের কর্মীরা আমাদের উপর হামলা করে। আমাদের কক্ষ ভাংচুর করে ল্যাপটপ, মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়।”
এ ব্যাপারে সাজেদুল বলেন, “ইমরানের অনুসারীরা গতকাল আমাদের কর্মী ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলকে হুমকি দেয়। জুনিয়ররা ক্ষেপে গিয়ে তাদের উপর হামলা করেছে।”
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
তবে ঘটনার বিস্তারিত জানান নি তিনি।
