এবার জিয়ানগরের ইউএনওকে বদলি
বিজয় দিবসের কুচকাওয়াজে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে সালাম গ্রহণ করানো নিয়ে সমালোচনার মধ্যে ওসিকে প্রত্যাহারের পর এবার পিরোজপুরের জিয়ানগরের ইউএনও মো. জাকির হোসেন বাচ্চুকে বদলি করা হয়েছে।
জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস বুধবার ইউএনওকে বরগুনার বামনা উপজেলায় বদলির এ আদেশ দেন।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জিয়ানগর উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদীপুত্র মাসুদ সাঈদী।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
উপজেলার ইঁদুরকানি থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে প্রশাসনিক কায়দায় মাসুদ সাঈদীকে দিয়ে কুচকাওয়াজে সালাম গ্রহণ করানো হয় এবং মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট উপহার দেওয়া হয় বলে অভিযোগ করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার।
বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ মঞ্চে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ওসি মো. মিজানুল হক, ইউএনও জাকির হোসেন বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
এর জেরে সোমবার বিজয়নগরের ইন্দুরকানী থানার ওসি মো. মিজানুল হককে প্রত্যাহার করা হয়।
