২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীপুত্রের কাছ থেকে সম্মাননা নিয়ে সমালোচনায় মুক্তিযোদ্ধারা

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্রের কাছ থেকে সম্মাননা নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ‌্যমে সমালোচনায় পড়েছেন পিরোজপুরের মুক্তিযোদ্ধারা।

ঝালকাঠী প্রতিনিধি

পিরোজপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 01:51 AM

Updated : 11 Oct 2022, 09:27 PM

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পিরোজপুরের জিয়ানগর উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে ছিলেন সাঈদীপুত্র মাসুদ সাঈদী।  

জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মাসুদ অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি। তার বাবা একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত‌্যু কারাদণ্ড ভোগকারী সাঈদীও এই এলাকার সংসদ সদস‌্য ছিলেন।

শুক্রবারের এই অনুষ্ঠানের ছবি নিজের ফেইসবুক পাতায় মাসুদ তোলার পর ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ‌্যমে অনেকেই রাজাকারপুত্রের কাছ থেকে সম্মাননা নেওয়ায় মুক্তিযোদ্ধাদের সমালোচনা করছেন।

ফেইসবুকে এক ব্যক্তি প্রতিক্রিয়ায় লেখেন: ঘটনাগুলোর জন্য চারজনকে কাঠগড়ায় দাড় করাতে চান তিনি।

১) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান

২) জিয়ানগরের ইউএনও

৩) মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা

৪) স্থানীয় ওসি মিজানুল হক

তিনি লেখেন “এদের সক্রিয় উপস্থিতি এবং মেরুদণ্ডের অনুপস্থিতিতে বিজয় দিবসে বাংলাদেশকে আজ লজ্জিত হতে হল। আমি এদের শাস্তি চাই।

“আমি ধিক্কার জানাই, শাস্তি চাই জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের, আওয়ামী লীগ সভাপতির- যারা বিজয় দিবসের অনুষ্ঠানকে বয়কট করার গাটসটা দেখাতে পারলেন না। ধিক্কার জানাই জিয়ানগরের ইউএনও এবং ওসিকে, যাদের অনেক কিছু করার ছিল,কিন্তু সেগুলো বাদে এক রাজাকারপুত্রের পাশে দাঁড়ানোকে সন্মানের মনে করেছে।”

ওই অনুষ্ঠানের ছবি ফেইসবুকে পোস্ট করে ফজলুল বারী নামে এক প্রবাসী সাংবাদিক লিখেছেন, “কী দুর্ভাগ্য বাংলাদেশ পুলিশের: এই পুলিশ বাহিনী একাত্তরে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিল রাজারবাগে। আর সেই পুলিশ বাহিনী স্বাধীনতার ৪৫ বছর পর এসে বিজয় দিবসে যুদ্ধাপরাধী সাঈদীর ছেলেকে বিজয় দিবসের সালাম জানাচ্ছে, যার বাবা এই বাংলাদেশ চায়নি! জাতিকে উপহাস করতে যুদ্ধাপরাধী সাঈদীর ছেলে এভাবে সালাম নেবার ব্যবস্থা করে আর পোস্ট করে ফেসবুকে!!”

এ ঘটনার সমালোচনা করে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। আমরা দলীয়ভাবে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি।”

প্রশাসন থেকে ওই অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, “সেই সুযোগে থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে প্রশাসনিক কায়দায় মাসুদ সাঈদীকে দিয়ে কুচকাওয়াজে সালাম গ্রহণ করানো হয় এবং দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট উপহার।”

উপজেলা প্রশাসন থেকে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করে চলে যান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান অনুষ্ঠান চলাকালেই ঘটনার প্রতিবাদ করেছিলেন জানিয়ে মতিউর বলেন,তার প্রতিবাদের মুখেই অনুষ্ঠানস্থল ছেড়ে যান মাসুদ সাঈদী।

এরপর ওই অনুষ্ঠানের ছবি ফেইসবুকে দেন মাসুদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমি এ উপজেলায় তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। গত তিন বছর ধরে আমি বিজয় দিবসের উৎসব পালন করে আসছি। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ফেইসবুকে বিজয় দিবসের অনুষ্ঠানের ছবি দিয়েছি। কিন্তু এবার যে এমন অবস্থা তৈরি হবে তা ভাবতে পারিনি।”

দেলাওয়ার হোসেইন সাঈদীর ছেলে বলেন, “আসলে আমি কার ছেলে সেটা দেখার বিষয় নয়, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননার স্মারক দিয়েছি। সরকারিভাবেই এটা আমার ওপর দায়িত্ব।”

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদাধিকার বলে উপজেলা চেয়ারমান মাদুস সাঈদীকে বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে, তার পৈত্রিক পরিচয়ে না। রাজনৈতিক বা পারিবারিক পরিচয় দেখার অবকাশ আমার ছিল না।”

ওই অনুষ্ঠানে অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বাদী মাহবুবুল আলম হাওলাদারও উপস্থিত ছিলেন।

সাঈদীপুত্রের হাত থেকে সম্মাননা নেওয়ার কারণ ব্যাখ্যায় জিয়ানগর উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার রায় বলেন, “উপজেলার অন্যান্যদের মতো উপজেলা চেয়ারম্যানের হাত থেকে আমরাও ফুলের স্টিক, একটি প্লেট ও খাবারের প্যাকেট গ্রহণ করেছি এজন্য যে, অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং কোনো বিশৃঙ্খলা না হয়।”