২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় অনুষ্ঠানে সাঈদীপুত্র: সংবাদ সম্মেলনে আ. লীগ 

বিজয় দিবসের অনুষ্ঠানে পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাপরাধী সাঈদীপুত্র মাসুদ সাঈদীর সালাম গ্রহণ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের সমালোচনা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 08:15 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

পুরনো খবর:

জিয়ানগরের ওসি প্রত্যাহার
সাঈদীপুত্রের কাছ থেকে সম্মাননা নিয়ে সমালোচনায় মুক্তিযোদ্ধারা

তবে ওইদিন সাঈদীপুত্রের সঙ্গে কয়েকজন আওয়ামী লীগ নেতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৬ ডিসেম্বর জিয়ানগর উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।  

শুক্রবারের এই অনুষ্ঠানের ছবি মাসুদ নিজের ফেইসবুক পাতায় তোলার পর ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ‌্যমে অনেকেই রাজাকারপুত্রের কাছ থেকে সম্মাননা নেওয়ায় মুক্তিযোদ্ধাদের সমালোচনা করেন।

সমালোচনার মধ্যে জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ওসি মো. মিজানুল হককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় দিবসে জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার, ইন্দুরকানী থানার ওসি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন ও জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জাতীয় পতাকা উত্তেলন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধনী বক্তব্য দেন।

“পতাকা উত্তোলন শেষে পায়রা উড়ানোর সময় পিছন থেকে হঠাৎ মাসুদ সাঈদী পতাকা মঞ্চে ওঠেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার বিতরণের সময় মাসুদ সাঈদী পুরস্কার বিতরণ করেন।”

লিখিত বক্তব্যে আরও বলা হয়, মাসুদ সাঈদী ‘পূর্বপরিকল্পিতভাবে’, ‘উদ্দেশ্য প্রণোদিত’ ও ‘ইচ্ছাকৃতভবে’ অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করে কিছু ছবি সংগ্রহ করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার নিজের ফেইসবুকে স্ট্যাটাস দেন।

তার এধরনের ‘ঘৃনিত’ ও ‘নিন্দনীয় অপকর্মে’ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহোযোগী সংগঠনের সকল নেতাকর্মীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর কথা বলা হয় লিখিত বক্তব্যে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু বলেন, যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর কাছ থেকে মুক্তিযোদ্ধারা যে সম্মাননা নিয়েছেন তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মৃধা মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন গাজী, মুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীন, সাঈদীর মামলার বাদী ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুব আলম তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।