২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশ চেষ্টার সময় ৭৯ রোহিঙ্গা ফেরত

কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৭৯ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 11:49 AM

Updated : 20 Aug 2022, 02:29 PM

উখিয়া উপজেলার বালুখালী ও টেকনাফের নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল সীমান্ত পয়েন্ট থেকে শুক্রবার ভোরে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবির কর্মকর্তারা।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বালুখালী সীমান্ত পয়েন্টে শূন্যরেখা অতিক্রম করে ১৯ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে শুক্রবার ভোরে।

“বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করেছে। ১৯ জনের মধ্যে ছিল তিন শিশু, দুই পুরুষ ও ১৪ নারী।”

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী বলেন, শুক্রবার ভোরে নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল পয়েন্টের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ছয়টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

“ছয় নৌকায় অন্তত ৬০ জন রোহিঙ্গা ছিল। বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।”

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৮৩টির বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানান মেজর রাসেল।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তবু সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কিভাবে হত‌্যা-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গা।

পুরনো খবর:

১১টি নৌকাসহ ১৩০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি
রোহিঙ্গা বহনকারী ৭ নৌকা ফেরত
রোহিঙ্গাদের ৬টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি
টেকনাফে রোহিঙ্গাদের ৮ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি
অনুপ্রবেশ চেষ্টার সময় শতাধিক রোহিঙ্গা ফেরত, ৪ দালাল আটক
কক্সবাজার থেকে ৯৬ রোহিঙ্গা ফেরত
অনুপ্রবেশে চেষ্টাকালে এক নৌকা, ১৭ রোহিঙ্গাকে ফেরত
কক্সবাজার সীমান্ত থেকে ৭২ রোহিঙ্গা ফেরত