অনুপ্রবেশ চেষ্টার সময় শতাধিক রোহিঙ্গা ফেরত, ৪ দালাল আটক
কক্সবাজারের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
মঙ্গলবার ভোরে উখিয়া ও টেকনাফের বেশ কয়েকটি স্থল ও জলসীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ চেষ্টার সময় তাদের ফেরত পাঠানো বলে জানান বিজিবির কর্মকর্তারা।
এছাড়া রোহিঙ্গাদের অনুপ্রবেশের সহায়তার অভিযোগে উখিয়া থেকে চার দালালকে আটক করা হয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার পর দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, মঙ্গলবার ভোর রাতে উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় শূন্যরেখা থেকে ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।
“এছাড়া সকালে উখিয়ার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।”
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, মঙ্গলবার ভোর রাতে নাফ নদীর জলসীমার বিভিন্ন পয়েন্টে শূন্যরেখা অতিক্রম করে অনুপ্রবেশের সময় ছয়টি নৌকায় থাকা ৬০/৭০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।
গত এক সপ্তাহে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী অন্তত ৬০টি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।
