কক্সবাজার সীমান্ত থেকে ৭২ রোহিঙ্গা ফেরত
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা অন্তত ৭২ জন রোহিঙ্গাকে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় ফেরত পাঠিয়েছে বিজিবি।
জেলার উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া, টেকনাফের নাফ নদীর খারাংখালী ও কাঞ্জরপাড়া সীমান্ত পয়েন্ট থেকে বৃহস্পতিবার ভোরে তাদের ফেরত পাঠানো হয় জানান বিজিবির কর্মকর্তারা।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, বৃহস্পতিবার ভোরে আঞ্জুমানপাড়া পয়েন্টে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন।
“সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে নারী ও শিশুসহ ছয় রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে আসার চেষ্টা করলে বিজিবি তাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করে।”
খারাংখালী ও কাঞ্জরপাড়া পয়েন্টেও একটি অভিযান চালায় বিজিবি।
ফাইল ফটো
“ছয় নৌকায় অন্তত ৬৬ জন রোহিঙ্গা ছিল। বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করে।”
গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ৭৭টি নৌকাভর্তি রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশে আসার চেষ্টা করলে বিজিবি তাদের ফেরত পাঠায় বলে জানান মেজর রাসেল।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তবু সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।
আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কিভাবে হত্যা-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গা।
