২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১টি নৌকাসহ ১৩০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী ১১টি নৌকা ও অন্তত ১৩০ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 02:40 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

বৃহস্পতিবার ভোরে উখিয়ার বালুখালী ও থাইংকালী, টেকনাফের নাফ নদী ও বান্দরবানের ঘুমধুম সীমান্তের শূন‌্যরেখা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবির কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার পর দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারের ১৯ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলদল তাদের ফেরত পাঠায়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ১১টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবির টহল দলের বাধার মুখে ফেরত গেছে।

প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন করে অন্তত ১১০ জন রোহিঙ্গা ছিলেন বলে জানান তিনি। 

গত ২১ অক্টেবর থেকে বৃহস্পতিবার পর্যন্ত নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী অন্তত ৮০টি নৌকা বিজিবি ফিরিয়ে দিয়েছে বলে রাসেল জানান।

তবে তারপরও নারী ও শিশুসহ বহু রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন পথে বাংলাদেশে ঢুকছে বলে সংবাদমাধ‌্যমে আসা খবরে বলা হচ্ছে।