২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে রোহিঙ্গাদের ৮ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আটটি নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টার সময় শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 02:32 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

সোমবার ভোরে উপজেলার নাফ নদী সংলগ্ন সীমান্ত থেকে তাদের ফেরত পাঠানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার পর দেশটির সেনা বাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন থেকে বলা হচ্ছে, গত ১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট ৪১৬ অনুপ্রবেশ চেষ্টাকারী রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। 

মেজর আবু রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে নাফ নদীর ছয়টি পয়েন্ট দিয়ে আটটি নৌকায় করে শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ চেষ্টা চালায়।

“নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে অনুপ্রবেশ চেষ্টায় সময় বিজিবির টহল দলের সদস্যরা এসব রোহিঙ্গাদের ফেরত পাঠায় “

প্রতি নৌকায় অন্তত ১২ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।

এর আগে রোববার টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারি ছয়টি নৌকায় থাকা অন্তত ৬৫ জন এবং উখিয়া সীমান্ত দিয়ে পাঁচজনকে ফেরত পাঠায় বিজিবি।

শনিবার উখিয়া, ঘুমধুম এবং টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে আট রোহিঙ্গা ও চারটি নৌকা ফেরত পাঠানো হয়েছিল।

এ নিয়ে গত এক সপ্তাহে অনুপ্রবেশ চেষ্টাকালে রোহিঙ্গা বহনকারী অর্ধ-শতাধিক নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।