২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় পাওনা মজুরি চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 04:34 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

বুধবার উপজেলার রাজারকূল ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।

নিহত আব্দুর শুক্কুর (৩৩) ওই এলাকার মুফিজুর রহমানের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে ওসি প্রভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন আগে স্থানীয় হাবিল উদ্দিনের ধান কাটার কাজ করেন শুক্কুর। ওই কাজের জন্য হাবিলের কাছে তার ৯৫০ টাকা পাওনা ছিল।

“সকালে ওই টাকা চাইতে গেলে হাবিলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিল লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরতর আহত করেন।”

স্থানীয়া তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

শুক্কুরের শরীর ও মাথায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনা পর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যাওয়ায় হাবিলকে আটক করা যায়ানি বলে জানান ওসি।

শুক্কুরের মা ছলিমা খাতুন বলেন, “ধান কাটার পাওনা পারিশ্রমিক চাইতে গেলে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”