২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভবন ধসে ২ শিশুর মৃত্যু

রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় একটি পুরনো ভবন ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 01:43 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

নিহত আয়াত আলী (৫) ও শাহরিয়ার আলম অর্ণব (৭) ওই এলাকায় ইস্পাহানির ৩ নম্বর অবাঙালি ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকত।

স্থানীয়দের বরাত দিয়ে ওয়ার্ড কাউন্সিলর আকরাম হোসেন জানান, অবাঙালি ক্যাম্পের পাশে একটি পরিত্যক্ত ভবন রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় শিশুরা ভবনটির মাঠে খেলাধুলা করার সময় হঠাৎ ধসে পড়ে।

“এতে আয়াত ও অর্ণব আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তারা মারা যায়।”

নিহত আয়াত ওই ক্যাম্পের সাজ্জাদ বাপ্পীর ছেলে। আর অর্ণবের বাবার নাম রুহুল আমীন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।