উন্নয়নের ধারাবাহিকতার জন্য কাজ করতে হবে: হাসিনা
আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে দলের কেন্দ্রীয় নেতাদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দলের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেন, “দেশের উন্নয়নের ধারা আব্যাহত রেখে আপনাদের কাজ করে যেতে হবে। সবাই মিলে দেশের উন্নয়ন করতে হবে।
“২০০৮ সাল ও ২০১৪ সালে নির্বাচনে বাংলাদেশর মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। বাংলাদেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা করি।
“২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করব। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।”
আওয়ামী লীগ ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বলে জানান শেখ হাসিনা।
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতা ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী বা সহিংসতার পাঁয়তারাকারী যে কোনো গোষ্ঠীকে রাজনৈতিকভাবে মোকাবেলায় সাংগঠনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান তিনি।
“আমরা যখনই দেশের মানুষের শান্তিতে থাকার পরিবেশ তৈরি করি, ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা শান্তি বিনষ্টের অপচেষ্টা করে।”
দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে নির্বাচিত হয়ে টানা আটবারের সভাপতি হিসেবে শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আসেন মঙ্গলবার দুপুরে।
এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। ছোট বোন শেখ রেহানাসহ কয়েকজন আত্মীয়ও ছিলেন।
বেলা ১২টায় দলীয় সভানেত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সমাধিসৌধের বেদীতে ফুল দেন।
এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্যাহ, ফারুক খান, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, কাজী আকরাম উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আব্দুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জোহরের পর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ৪টায় টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।
আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় সরে গেলে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
