২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ভর্তি পরীক্ষার ২ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কলা অনুষদ (এ ইউনিট) ও কৃষি অনুষদে (জি ইউনিট) স্নাতকের ভর্তির জন্য বহুনির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 09:04 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

কলা অনুষদের ডিন এফ. এম. এ. এইচ. তাকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাক্রম অনুযায়ী বিজোড় রোল নম্বরধারীদের মধ্যে প্রথম ১৫২৪ জন এবং জোড়ের প্রথম ১৫১০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

বিজোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার আগামী ৬ নভেম্বর এবং জোড়দের ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে নেওয়া হবে। নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে না পারলে অনুপস্থিত শিক্ষার্থী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ছক ও নিয়মানুযায়ী বিষয় পছন্দ ফর্ম পূরণ করতে হবে। অসম্পূর্ণ পছন্দক্রম ফর্ম গ্রহণযোগ্য হবে না। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেরিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ভর্তি পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্রের মূল কপি নিয়ে আসতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে, ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষার জন্য ১৫৫০ জনের (বিজোড় ৮০১ ও জোড় ৭৪৯) এবং নাট্যকলা ও সংগীত বিভাগে ব্যবহারিক পরীক্ষার জন্য যথাক্রমে ৩১৯০ (বিজোড় ১৩৫৪ ও জোড় ১৮৩৬) ও ১৮৬৬ (বিজোড় ৭৫০ ও জোড় ১১১৬) জনের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বরের ৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ও মমতাজ উদ্দিন কলা ভবনে।

নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষা নভেম্বরের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত এই বিভাগেই অনুষ্ঠিত হবে। আর সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা নভেম্বরের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত নিজ বিভাগে হবে।

অন্যদিকে কৃষি অনুষদে প্রাথমিকভাবে মেধাক্রম অনুযায়ী ৯৭৭ জন শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

কৃষি অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে সাক্ষাৎকার নেওয়া হবে। এসময় যারা উপস্থিত হতে পারবে না তাদের ভর্তি যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি এবং ভর্তি পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্রের মূলকপি নিয়ে আসতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। পূরণকৃত বিভাগ পছন্দক্রম ফরমের প্রিন্টকপি নির্ধারিত স্থানে স্বাক্ষর করে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে।

সাক্ষাৎকারের পর ভর্তির জন্য চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা আগামী ২৩ নভেম্বর কৃষি অনুষদের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।