ঝিনাইদহে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাপখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।
আহতদের মধ্যে নয়জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি তরিকুল বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টায় নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য টিটু শিকদার ও সাবেক সদস্য শহিদুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল।
ওসি জানান, সংঘর্ষের সময় বেশ কয়কটি বাড়ি-ঘর ভাংচুরের শিকার হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
