ধামরাইয়ে ২ লাশ উদ্ধার
ঢাকার ধামরাই উপজেলায় পৃথক জায়গা থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ইউনুস সর্দার (৩২) ও মুক্তা আক্তারের (২২) লাশ উদ্ধার করা হয় বলে জানান ধামরাই থানার ওসি রিজাউল হক।
নিহত ইউনুস সর্দার (৩২) কুষ্টিয়া সদর থানার কমলাপুর গ্রামের আবদুল সাত্তার সর্দারের ছেলে। তিনি ধামরাই উপজেলার কালামপুর এলাকায় বিলট্রেড স্টিল মিলের শ্রমিক ছিলেন।
ওসি বলেন, সকালে খবর পেয়ে উপজেলার কালামপুর এলাকায় আমিনুল ইসলামের কলাবাগান থেকে ইউনুসের লাশ উদ্ধার করা হয়।
“তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তার শরীর তল্লাশি করে গাঁজা পেয়েছে।”
মাদকসেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণার কথা জানিয়েছেন ওসি রিজাউল।
অপরদিকে মুক্তা সম্পর্কে ওসি বলেন, মুক্তার লাশ উদ্ধার করা হয়েছে উপজেলার লাড়ুয়াকুণ্ড গ্রামের একটি বাড়িতে। গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে মুক্তার লাশ।
“পারিবারিক কলহের জেরে মুক্তা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ধামরাই থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রিজাউল।
