২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অগ্নিকাণ্ডে নাশকতার আশঙ্কা: তদন্ত কমিটি

বেনাপোল বন্দরে নাশকতা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তারা। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেনি বলে মনে করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 10:34 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

তদন্ত দলের প্রধান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা বুধবার বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তবে তদন্ত প্রতিবেদন এখনও জমা দেয়নি কমিটি।

সাফায়েত হোসেন অগ্নিকাণ্ডের সঠিক কারণ না বললেও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়নি বলে অনেকটাই নিশ্চিত বলে মনে করেন।

তবে সিগারেটের আগুন বা নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বলেন তিনি।

বন্দরের কর্মকর্তাদের অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, কেমিক্যাল শেড থাকার পরও কেন এ শেডে তুলার সঙ্গে কেমিক্যাল রাখা হলো সেটাও দেখা হচ্ছে। প্রয়োজনে আরও তদন্ত করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান জানান, তদন্তে এ পর্যন্ত ১৩৭টি পণ্যের চালান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তাতে ক্ষতির পরিমাণ বাংলাদেশি টাকায় ১৮ কোটি ৫০ লাখ ৬৪ হাজার ৫২৬ টাকা। এছাড়া আরও কোনো পণ্য ছিল কিনা তা পাওয়া গেলে এর সঙ্গে সংযুক্ত করা হবে।

“বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়নে কিছুটা অব্যবস্থাপনা রয়েছে যা আমরা উপলব্ধি করতে পেরেছি। এ নিয়ে আমরা ঢাকায় বসে আলোচনা করব।”

এসব ব্যাপারে তদন্ত কমিটির রিপোর্টে সুপারিশ করা হবে বলে সাফায়েত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব হাবিবুর রহমান, যশোর জেলা প্রশাসনের প্রতিনিধি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ও ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডুসহ ফায়ার সাভির্সের তদন্ত কমিটির প্রধান রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক নুরুল ইসলাম।

এর আগে তদন্ত টিম স্থলবন্দরের প্রশাসনিক ভবনে ক্ষতিগ্রস্ত ২৩ নম্বর শেডের ট্রাফিক পরিদর্শক, আনসার সিকিউরিটির ৪ জন সদস্য, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ অঞ্জন কুমার, ইলেকট্রিশিয়ান খোরশেদ আলম, বেনাপোল স্থল বন্দরের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াদুদ মিল্কি, উপ-পরিচালক আব্দুল জলিল, বন্দর লেবার ইউনিয়ন নেতৃবৃন্দ, বন্দর কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, আমদানিকারক প্রতিনিধি, কাস্টমস প্রতিনিধি এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

সোমবার সকালে বেনাপোল বন্দরের ২৩ নম্বর শেডে অগ্নিকাণ্ডে বিপুল মালামাল পুড়ে যায়।