২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনির্মিত কেন্দ্রীয় কারাগারের নতুন ২ শেড

কেরানিগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুটি শেড উদ্বোধন করেছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 11:24 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

মঙ্গলবার দুপুরে কারাগারের ভেতরে ও বাইরের এই দুইটি শেড উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কারাগারের ভেতরের মাল্টিপারপাস শেডটি বন্দিদের সুবিধার্থে এবং বাইরেরটি বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের বসার জন্য তৈরি করা হয়েছে। ক্যান্টিনের লভ্যাংশ থেকে এ দুটি শেড তৈরির খরচ যোগানো হয়েছে বলে জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নতুন এই কারাগারের চলমান বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

কারাগারের সাক্ষাৎ কক্ষটি ছোট পরিসরে তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামী ছয় মাসের মধ্যে দর্শনার্থী সাক্ষাৎ ভবনটি চার তলা করা হবে। ইতিমধ্যে সাক্ষাৎ কক্ষটি বড় পরিসরে তৈরি করে দিতে আমরা পিডব্লিউডিকে বলেছি। আশা করছি খুব শীগগিরই বড় হয়ে যাবে।”

কারাগারের ভেতরে তিনটি ভবনের কার্যক্রম খুব ধীর গতিতে চলছে। ইতিমধ্যে আবার একটিতে পুনরায় টেন্ডারও হয়েছে। সামনে একটি ক্যান্টিন তৈরি হচ্ছে; সেটিও ধীর গতিতে চলছে। আর পেছনের ড্রেনের কাজ তো এখনও সম্পন্নই হয়নি বলে জানান ইফতেখার।

কারাগারে গ্যাস সংযোগ না থাকায় বন্দিদের রান্নার কাজে অসুবিধার কথা স্বীকার করেন মহাপরিদর্শক।  

“গ্যাসের লাইন কারাগার থেকে বেশ দূরে হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি কারাগারে এলপিজি গ্যাস প্ল্যান্ট স্থাপন করব। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। কোম্পানিগুলোর ফিন্যান্সিয়াল অফার পাওয়ার পর আমরা সেগুলো ইভালুয়েট করে দেখব কাকে কাজ দেওয়া যায়।”

এছাড়া বন্দিদের খাবারের সমস্যা, সময়মতো খাবার পরিবেশনে সমস্যা, গোসলের সমস্যার উল্লেখ করে সেসব সমাধানের আশ্বাস দেন।

এর আগে দুপুরে কারারক্ষীদের একটি চৌকসদল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এসময় তার সঙ্গে ডিআইজি ফজলুল হক, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর হোসেন ও জেলার নেসার আলম উপস্থিত ছিলেন।