২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসা করলে বিশ্ববিদ্যালয় বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষার নামে দেশে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবসা করছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে হুশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 06:21 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক স্বর্ণপদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকেও আমরা জ্ঞান সৃষ্টির জন্যই অগ্রাধিকার দিচ্ছি, কিন্তু একটা শ্রেণি নিজেরা লাভবান হতে চান। এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন।

“আমরা তাদেরকে ওপর চাপ সৃষ্টি করেছি। নতুন আইন তৈরি করেছি। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থাও নিয়েছি। তারপরও উচ্চ আদালতের অর্ডার নিয়ে তারা বিশ্ববিদ্যালয়গুলো চালিয়ে যাচ্ছেন। মামলা সম্পন্ন হলে আমরা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেব।”

রাবি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, তিন জনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও এক জনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়।

মাস্টার্স বা এমবিবিএস পরীক্ষায় অনুষদে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকারীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শন বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারীকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস (শেষ বৃত্তিমূলক, নিয়মিত) পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ চিকিৎসা অনুষদে প্রথম স্থান অধিকারীকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা। এখানে গবেষণা হবে, নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হবে। আর যদি তা করা সম্ভব না হয় তাহলে ওই বিশ্ববিদ্যালয় দিয়ে কী হবে?

আমাদের দেশে গবেষণার ক্ষেত্রে বাজেট স্বল্পতার কথা উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

সেজন্য অধিক শিক্ষক-শিক্ষার্থী গবেষণা ক্ষেত্রে যেতে পারছে না। তাই বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।