২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকোর মালিককে গ্রেপ্তারের দাবি

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার মালিককে গ্রেপ্তার ও অগ্নিকাণ্ডে হতাহতদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে দুটি সংগঠন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 02:38 PM

Updated : 12 Apr 2022, 02:55 AM

বুধবার সকালে জাতীয় শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূটিতে জাতীয় শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি মীর দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এমএ কাশেম, বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে তারা জেলা শহরের রাজবাড়ি সড়কে মানববন্ধন করেন। পরে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

সেখানে জেলা প্রশাসক এসএম আলমের কাছে একটি স্মারকলিপি দেন।

মীর দেলোয়ার হোসেন বলেন, অতীতে টাম্পাকোর মতো দুর্ঘটনা ঘটলেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ।

“মালিকের গাফিলতি ও অবহেলার কারণে এ ধরনের কোনো দুর্ঘটনা আর যেন না ঘটে সে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

সেই সঙ্গে টাম্পাকো মালিক ও দোষী কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবার ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণসহ আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান তারা।

গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়লস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনায় এ নিয়ে ৩৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন।

টাম্পাকোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক সিলেটে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

এ দুর্ঘটনার পেছনে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা গাজীপুরের পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে।