বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, তরুণীর আত্মহত্যা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর এক তরুণী (১৮) আত্মহত্যা করেছেন।
উপজেলার পীড়ারবাড়ী গ্রামে শনিবার এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার এসআই হাফিজুর রহমান।
মামলা হওয়ার পর মেয়েটির আত্মীয় পলাশ সরকারকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পলাশ সরকার ও তার বড়ভাই লিটন সরকারকে আসামি করে রোববার কোটালীপাড়া থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রোববার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার পলাশ সরকার ওই তরুনীকে বাড়ির পাশে নিজের পোল্ট্রি খামারে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পারিবরিকভাবে সালিশ হয় এবং সালিশে পলাশকে তিরস্কার করা হয়।
“শনিবার বিকালে ওউ তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”
সাদুল্যাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিন্টু বৈদ্য জানান, ওই তরুণীর বাড়ি ও পলাশের বাড়ি পাশাপাশি। মেয়েটির বাবা পলাশ সরকারের পোল্ট্রি ফার্মে কাজ করেন।
“শুনেছি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পলাশ একাধিকবার ধর্ষণ করেছে। জানাজানি হওয়ার পর অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে।”
মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, গলায় ফাঁস দেওয়ার পর শনিবার সন্ধ্যায় প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
“পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মৃত্যুর খবরে গ্রামের লোকজন রাতে পলাশকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানান তিনি।
পলাশের স্ত্রীর দাবি, তার স্বামীর সঙ্গে ওই তরুণীর শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। বিয়ষটি জানাজানি হওয়ার পর মেয়েটির বাবা তাকে চড়-থাপ্পর মারেন। এ অপমানে তিনি আত্মহত্যা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই হাফিজুর রহমান বলেন, ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে তাকে চরিত্রহীন বলে গ্রামে প্রচার করতে থাকে পলাশ। এ অপমান সইতে না পেরেই ওই তরুণী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
“এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামি পলাশকে শনিবার রাতে গ্রেপ্তার করেছি। রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।”
