চাঁদপুরে তেলের গুদামে আগুন: পঞ্চম জনের মৃত্যু
চাঁদপুর শহরে তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় পঞ্চম জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১১টায় লরিচালক বাদশা মিয়া (৫০) চাঁদপুর সদর হাসপাতালে মারা যান বলে জানান চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হল।
গত ৩১ অগাস্ট রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যমুনা অয়েলের লরি থেকে পাইপ দিয়ে তেল নামানো হচ্ছিল ব্যবসায়ী মিজানুর রহমানের তিনতলা বাড়ির নিচতলার গুদামে। হঠাৎ লরিতে আগুন ধরলে তিনতলা ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সাতজন দগ্ধ হয়। তাদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চারজনের মৃত্যু জয়। তারা হলেন বাড়ির মালিক ও তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), তার ছেলে মো. রায়হান (২৩), লরির সহকারী নূর মোহাম্মদ (২০) ও মাসুদ হোসেন (২৮)।
এ ঘটনায় আরও দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনার পর জেলা প্রশাসক কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত দল গত শনিবার থেকে তদন্ত শুরু করলেও তা এখনও চলছে।
চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালী উল্লা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে আহত ছয়জনকে আসামি করে একটি মামলা করেছে।
ছয় আসামির মধ্যে নিহত পাঁচজনও রয়েছে বলে তিনি জানান।
