চাঁদপুরে তেলের গুদামে আগুন: দগ্ধ চতুর্থজনের মৃত্যু
চাঁদপুর শহরে তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানান চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
নিহত মিজান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় এলাকার বাসিন্দা।
এ ঘটনায় এর আগে মিজানের ছেলে রায়হান (২৩) ও অন্য দুইজনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৩১ অগাস্ট রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যমুনা অয়েলের একটি লরি থেকে পাইপ দিয়ে ড্রামে পেট্রোল সরবরাহ করার সময় গাড়িতে আগুন ধরে একটি ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দগ্ধ সাতজনের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুইজন এখনও চিকিৎসাধীন।
পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় জেলা প্রশাসক কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত দল গত শনিবার থেকে তদন্ত শুরু করলেও তা এখনও চলছে।
এছাড়া অগ্নিকাণ্ডে আহত ছয়জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেছে বলে তিনি জানান। তবে ছয়জনকে আসামি করার কারণ সম্পর্কে তিনি কিছু বলেননি।
