২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বল কাউরিয়া বলবাম’ উদযাপন করছেন মাড়োয়ারিরা

জয়পুরহাট সদর উপজেলার বারো শিবালয় মন্দিরে সোমবার মাড়োয়ারিরা তাদের প্রধান ধর্মীয় উৎসব ‘বল কাউরিয়া বলবাম’ উদযাপন করছেন।

মোমেন মুনি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 11:23 AM

Updated : 12 Apr 2022, 02:37 AM

প্রতি বছর শ্রাবণের শেষ দিকে পঞ্জিকা অনুসারে উৎসবের দিন ঠিক করা হয় বলে জানান জয়পুরহাট কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজকুমার খেতান।

তিনি বলেন, উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সব বয়সের মাড়োয়ারি হিন্দুরা জয়পুরহাট সদর উপজেলার গুয়াবড়ি তুলশীগঙ্গা ঘাটে সমবেত হন।

“ঘাটে পুণ্যস্নান শেষে শিব ঠাকুরের উদ্দেশে নগ্ন পায়ে হেঁটে বেল আমলা গ্রামের বারো শিবালয় মন্দিরে যান পুণ্যার্থীরা। ঘাট থেকে মন্দিরের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। হাঁটার সময় তারা ‘বল কাউরিয়া বলবাম, বলবাম বলবাম’ ধ্বনি দেন।”

মন্দিরে গিয়ে ভক্তরা শিব ঠাকুরের মাথায় দুধ-জল ঢেলে পূজা-অর্চনার মধ্য দিয়ে জীবকুলের কল্যাণ কামনা করেন বলে তিনি জানান।

সরজমিনে দেখা গেছে, মন্দিরের প্রাচীন এই উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও বসেছে গ্রামীণ মেলা। মেলায় মণ্ডা-মিঠাই, শিশুদের খেলনা সামগ্রী, হালকা তৈজসপত্র প্রভৃতির পসরা সাজিয়েছেন দোকানিরা।

উৎসব ঘিরে মাড়োয়ারি হিন্দু সম্প্রদায় ছাড়াও মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয় বলে জানান মাড়োয়ারি নেতারা।