জঙ্গিবাদবিরোধী কর্মসূচির বিরুদ্ধে স্ট্যাটাস, শিক্ষককে নোটিস
জঙ্গিবাদবিরোধী কর্মসূচির বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
ইংরেজি বিভাগের শিক্ষক জিয়া আরেফিনকে এই নোটিস দেওয়া হয় বলে জানান কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদির।
তিনি বলেন, গত ১ অগাস্ট কলেজে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ বিষয়ে জিয়া আরেফিন তার ফেইসবুকে মন্তব্য করেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের কুৎসিত ব্যানারের পিছনে দাঁড়ানো ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
“এ বিষয়ে বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভা হয়। সভায় জিয়া আরেফিনকে কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়। তিন দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।”
স্ট্যাটাসের বিষয়ে কলেজের কয়েকজন শিক্ষক আরেফিনের সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদের ওপর চড়াও হন বলে অধ্যক্ষর দাবি।
এ বিষয়ে জিয়া আরেফিন বলেন, “আমি মানববন্ধনে উপস্থিত ছিলাম। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।”
স্ট্যাটাস সম্পর্কে তিনি বলেন, “এটা আমাদের গ্রুপের একটা ব্যাপার। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।”
মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, বিষয়টি পুলিশের নজরে রয়েছে।
জিয়া আরেফিনের ফেইসবুকের স্ট্যাটাসের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
